জলবায়ু পরিবর্তন তত্ত্ব খারিজ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দাবানল গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটনের দাবানলে হতাহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রাজ্য প্রশাসনের কর্মকর্তারা দাবানলের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনের তত্ত্বকে খারিজ করে দিয়েছেন। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন অভিযোগ করেছেন, ট্রাম্পই পরিবেশে আগুন দিচ্ছেন। খবর ডয়চে ভেলের

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আপনারা দেখবেন, পরিবেশ অনেক ঠান্ডা হয়ে যাবে। মার্কিন প্রেসিডেন্টের মতে, আসলে ঐ জঙ্গলের ঠিকমতো দেখভাল হয়নি। আগুনের কথা মাথায় রাখা হয়নি। দোষটা আসলে রাজ্য প্রশাসনের। এমনকি জলবায়ু পরিবর্তনের তত্ত্ব খারিজ করে দিয়ে তিনি বলেন, আমি মনে করি না, বিজ্ঞান জানে। কিন্তু ট্রাম্পের এই মন্তব্যে বিতর্ক আরো বেড়েছে। বাইডেন বলেছেন, ট্রাম্পের জন্যই এই হাল। তিনি পরিবেশ রক্ষার জন্য কিছুই করেননি। তিনি তো পরিবেশে আগুন লাগানোর কাজ করছেন।

বাইডেন আরো বলেন, আমাদের এমন প্রেসিডেন্ট চাই, যিনি বিজ্ঞান মেনে চলবেন। তিনি পরিবেশ রক্ষা করার জন্য কাজ করবেন। না হলে আরো বড় ক্ষতির মুখে পড়ব আমরা। বিপর্যয় এড়াতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসমের মতে, জঙ্গলের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তার থেকে অনেক বড় বিষয় হলো জলবায়ু পরিবর্তন। এটা অনেক বড় কারণ। গরম জায়গাগুলো আরো গরম হচ্ছে। শুকনো এলাকা আরো শুকনো হচ্ছে। জলবায়ু পরিবর্তন আসল ও প্রধান সমস্যা। এই আগুনে ৫ লাখ হেক্টর জমির গাছপালা, ঘাস পুড়ে ছাই হয়ে গেছে। ৩৫ জন মারা গেছেন। হাজার হাজার মানুষের বাড়ি পুড়ে গেছে।