প্রকৃতিতে শরত্ এসেছে। হাওয়ায় দুলছে কাশফুল। আকাশে ভেজা তুলোর মতো মেঘমালা ছুটছে দিগন্তের দিকে। আজ পহেলা আশ্বিন। কাল বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দেবীপক্ষ। শারদীয় দুর্গাপূজা ঘিরে মণ্ডপ গড়া শুরু হবে। ২২ শে অক্টোবর থেকে দুর্গাপূজা উদ্যাপিত হবে। করোনা পরিস্থিতির কারণে এবার পূজামণ্ডপে সবসময় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব বিষ্ণু কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ সেপ্টেম্বর মহালয়া ও ২২ অক্টোবর থেকে দুর্গাপূজা উদ্যাপনের সময় পূজামণ্ডপে পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে। আর পূজা উপলক্ষ্যে শোভাযাত্রা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাইকের ব্যবহার বর্জন করতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি আলোকসজ্জা ও অন্যান্য সাজসজ্জা সীমিত আকারে করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। এবার মহালয়া থেকে দেবীর বোধনের মধ্যে এক মাস ছয় দিনের ব্যবধান, এমন পরিস্থিতি ‘অভূতপূর্ব’ না হলেও শেষ কবে ঘটেছিল, হিসাব কষে জানাতে পারছেন না প্রবীণ পুরোহিতেরা।