ভ্রূণ হত্যা, নির্যাতন, যৌতুকের মামলায় সহকারি পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিবকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
এর আগে হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন নাজমুস সাকিব। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। জামিনের বিরোধিতা করে বাদি পক্ষ। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে একই আদালতে সাকিবের বাবা সফিউল্লাহ তালুকদার ও মা খালেদা সুলতানা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। বাদিপক্ষে আইনজীবী ইশরাত হাসান ও জামিন আবেদনের পক্ষে আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু শুনানি করেন। গত ৪ জুন রাতে রমনা থানায় নাজমুস সাকিবসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন তার স্ত্রী ইশরাত রহমান।