হান্ড্রেড বাই হান্ডেড

প্রাচ্যনাটের ‘মহলা মগন’ উত্সবে

স্বাস্থ্যবিধি মেনে প্রাচ্যনাট আয়োজন করছে ‘মহলা মগন’ উঠান নাটকের মেলা ২০২০। ‘অবসাদ বিরুদ্ধ স্রোত’ স্লোগান নিয়ে মাসব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে কাঁটাবনের প্রাচ্যনাটের নিজস্ব মহড়া কক্ষে। শুক্রবার সন্ধ্যায় মঞ্চায়িত হবে ‘হান্ড্রেড বাই হান্ডেড’। নাটকটি রচনা এবং নির্দেশনা দিয়েছেন সাইফুল জার্নাল। নাটকে অভিনয় করেছেন তানজিকুন, ফয়সল কবির সাদি, আরিফুল ইসলাম রুবেল, ফয়সল ইবনে মিজান, সৌর্ন্দয প্রিয়দর্শিনী, অদ্রীজা আমিন।

নাটকের গল্পে দেখা যাবে, সাজু একটি পোশাক তৈরির কারখানায় কাজ করে। একটি অচেনা ভাইরাসের ভয়ে সারা দেশ যখন বন্ধ হয়ে যায়, থমকে যায় শহর, অনেকেই হয়ে যায় গ্রামমুখী— বেকার সাজুও সেই সুতার টানে ফিরে যায় নিজগ্রামে। একটু স্বস্তির নিঃশ্বাস নেয় ঘরে ফিরে, সময় কাটায় নতুন বউয়ের সঙ্গে। কিন্তু আতঙ্ক কাটে না।এক অচেনা শত্রুর ভয়ে সবাই থেমে যায়, বাতাসে ভেসে বেড়ানো শত্রুর সঙ্গে যুদ্ধ করার তরিকা কারো জানা নাই। সব কিছু বন্ধ হয়ে যায়— বারবণিতার ঘর থেকে ধর্মশালা পর্যন্ত। ঘর থেকে বের হয় না কেউ। হয়তো জমদূত দাঁড়িয়ে আছে দরজার বাইরে। এর মধ্যে সাজুর সুতায় টান পড়ে, শহরে কারখানায় হঠাত্ই সাইরেন বেজে ওঠে। রাষ্ট্রযন্ত্রের সঙ্গে দর কষাকষির পাল্লার বাটখারা হয়ে যায় সাজুরা। ওজন বাড়াতে সাজুদের মিছিল ছুটে আসে সাইরেন দিতে থাকা সুতার কারখানার দিকে। মাইলের পর মাইল পাড়ি দেয় নিজের পায়ের সামর্থের ওপর ভরসা করে। তাদের আসতেই হয় তাদের পালন কর্তাদের আদেশে। কারণ তারাই যে ‘সাজুদের পালেন’। সাজুদের মিছিল চলতে থাকে ততক্ষণ— যতক্ষণ তাদের দম থাকে। এরমধ্যে কোনো এক সাজুর দম ফুরিয়ে যায়, তাতে পালন কর্তাদের পাল্লার বাটখারার ওজনে টান পড়ে না; বরং তাদের চূড়ান্ত হিসাবের খাতায় লাভের পরিমাণটাই বাড়ে। মানুষ তখন লাভের একক; সুতাকাটা সাজুরা লাভের একক। নাটক প্রসঙ্গে নাট্যনির্দেশক সাইফুল জার্নাল বলেন, ‘আমি একটা লাল রক্তজবা দেখেছি ভাগাড়ে ফোটে থাকতে। একটি পাখিকে দেখেছি লোহার জঞ্জালে তার ঘর বানাতে, বুড়িগঙ্গার কালো জলে খেলতে দেখেছি মা ডলফিনকে। আমি শুনেছি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছে এক শ্রমিক, আর কৃষক গ্রহণ করছেন নোবেল প্রাইজ—সবার পেট শান্ত রাখার জন্য। এগুলো স্বপ্ন, স্বপ্ন দেখতে তো আর বাধা নাই; তার সীমানাও নাই। তাই স্বপ্নটাই দেখে যাই। আমরা একটা সহজ গল্প বলতে চাইছি।’ নাটক শেষে ২য় পর্বে থাকবে মানসিক স্বাস্থ্যবিষয়ক আলোচনা—‘মনো সামাজিক বিশ্লেষণ ও বর্তমান’। কথা বলবেন অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাউসার বিপ্লব এবং  ডা. নাসির উদ্দিন আহমেদ। আগামীকাল শুক্র ও শনিবার পর পর দু’দিন সন্ধ্যা সোয়া সাতটায় নাটকটির দুটি প্রদর্শনী হবে। প্রতি প্রদর্শনীতে ২০ জন দর্শক নাটক দেখার সুযোগ পাবে। টিকিট মূল্য: দুইশত টাকা এবং একশত টাকা (শুধুমাত্র থিয়েটারকর্মীদের জন্য)। টিকিটের জন্য যোগাযোগ : ০১৭৯০১০৫০৪০।