চলাচলকারীরা দুর্ভোগে
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
কচুয়ায় এলজিইডির বাঁচাইয়া-তুলপাই সড়কের মেঘদাইর অংশের দেড় কিলোমিটার বেহাল হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা পাঁয়ে হেটে চলাচল করাও কঠিন।
এ সড়ক দিয়ে প্রতিদিন রিকশা, সিএনজি, অটোরিকশা, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। কচুয়া উপজেলার প্রসন্নকাপ, তুলপাই, সহদেবপুর, নাংলা, বক্সগঞ্জ, ভুঁইয়ারা, এনায়েতপুর, দোজানা ও মেঘদাইর গ্রামের লোকজনের চলাচলের একমাত্র অবলম্বন এ সড়ক। কিন্তু সড়কটির মেঘদাইর গ্রাম অংশের প্রায় দেড় কিলোমিটার এলাকার অবস্থা খুবই জরাজীর্ণ। গাড়িচালক মাঈনুদ্দিন কালা বলেন, সড়কের পিচ উঠে বড় বড় খানাখন্দে রূপ নিয়েছে। এ সড়কে চলাচলকারী যানবাহনগুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। শিগিগরই সড়কটি সংস্কার করা না হলে গাড়ি চালানোই বন্ধ হয়ে যাবে।
মেঘদাইর গ্রামের ওমর ফারুক বলেন, এ সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। গত কয়েক দিন আগে গর্তে পড়ে একটি রিকশা উলটে মহিলারা রিকশার নিচে চাপা পড়েন। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা। স্থানীয় সুমন মিয়া জানান, গ্রীষ্মকালে এ সড়কে ট্রাক্টর দিয়ে ব্রিকফিল্ডের মালামাল আনা-নেওয়ার কারণেই এমন দশা হয়েছে। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
ঐ সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে এলজিইডির উপজেলা প্রকৌশলী জাকির হোসেন জানান, সড়কটি পুনঃসংস্কারের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।