আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের ধুম

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে নদীনালা, খালবিলে এখন মাছ শিকারের ধুম পড়েছে। বিভিন্ন ব্রিজ, কালভার্ট ও স্রোতের মুখে খড়াজালসহ বিভিন্ন পদ্ধতিতে দিনরাত মাছ শিকার চলছে। ভারী বর্ষণ ও আত্রাই নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের ভাঙন এবং উজান থেকে নেমে আসা ঢলের পানিতে প্রতিটি মাঠ প্লাবিত হয়ে গেছে। খনজোর গ্রামের মত্স্যজীবী (জেলে) যুগল চন্দ্র হাওলদার বলেন, অন্যবার আমরা এত অধিকহারে খড়াজাল পাততে পারতাম না। এবারে বন্যার পানি বেশি হওয়ায় খুব দূরে যেতে হচ্ছে না। বাড়ির কাছেই খড়াজাল পেতেছি। মাছ যা হচ্ছে তা বিক্রি করে ভালোভাবে সংসারের খরচ মিটছে। পারকাসুন্দা গ্রামের এরশাদ আলী বলেন, আমাদের এলাকাতে এবার অনেক খড়াজাল দিয়ে জেলেরা মাছ শিকার করছেন। বিশেষ করে খনজোর এবং পারকাসুন্দার মাঝখানে আত্রাই-পোরাখালী রাস্তার পাশে বেশ কয়েকটি খড়াজাল পাতা হয়েছে। প্রতিদিন বিকালে এসব জালে মাছ শিকার দেখতে এলাকার অনেক নারী-পুরুষ সেখানে ভিড় জমায়। ঐ স্থান এখন অনেকটা বিনোদন স্পটে পরিণত হয়েছে। উপজেলা মত্স্যজীবী সমবায় সমিতির সভাপতি ভূষণ চন্দ্র হাওলদার বলেন, বর্ষা মৌসুমে মত্স্যজীবীরা যদিও মাছ শিকার করে তাদের পরিবারের ব্যয়ভার বহন করছেন, তবে শুষ্ক মৌসুমে তাদের সহায়তা করা প্রয়োজন। আত্রাই উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ বলেন, ভারী বর্ষণ ও ঢলের পানিতে আত্রাই নদীসহ উপজেলার প্রতিটি মাঠে অথই পানি। আর এ পানিতে জেলেদের মাছ শিকারের যেন ধুম পড়েছে। জেলেরা যেন রেণু পোনা শিকার করতে না পারে সেজন্য প্রতিটি এলাকায় আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে।