আর্সেনিকমুক্ত পানি পাচ্ছেন তারা

বেনাপোল (যশোর) সংবাদদাতা

শার্শা উপজেলা সদর ইউনিয়নের মানুষ এখন আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানি পাচ্ছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় নির্মিত ১ লাখ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ট্যাংক এর উত্স। ২০১৯ সালের মার্চ মাস থেকে এর যাত্রা শুরু। বর্তমানে গভীর নলকূপের মাধ্যমে উত্তোলিত এ পানি নাভারন বাজারের ২ হাজার পরিবারের বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। সুবিধাভোগী জাহাঙ্গীর তরফদার বলেন, এলাকার মানুষের সুপেয় নিরাপদ পানির অভাব ছিল। এখন আমরা আর্সেনিক ও আয়রনমুক্ত পানি পাচ্ছি। শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, প্রতিটি পরিবারকে মাসিক ১৫০ ও ১৯০ টাকার বিনিময়ে পানি সরবরাহ করা হচ্ছে।