জয়পুরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

জয়পুরহাট  প্রতিনিধি

জয়পুরহাটে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামী বাবুল সরকারের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বুধবার জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম সারোয়ার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত বাবুল সরকার (৫০) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর তালতলা এলাকার সিরাজ উদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার রাধানগর এলাকার তুমিজ উদ্দিনের মেয়ে তানজিলা খাতুনকে বিয়ে করে ঘরসংসার করছিল বাবুল সরকার। দাম্পত্য কলহের জেরে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর রাতে ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাবুল সরকার। এ ঘটনায় নিহতের বোন তৌহিদা খাতুন বাদী হয়ে বাবুলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।