শিবপুরে তিন জনকে কুপিয়ে হত্যার ঘটনায় আরো এক জনের মৃত্যু
নরসিংদী প্রতিনিধি নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে কাঠমিস্ত্রি তার স্ত্রীসহ বাড়িওয়ালা দম্পতিকে কুপিয়ে হত্যার ঘটনায় আহত বাড়িওয়ালার মেয়ে কুলসুম বেগম (২৩) মারা গেছেন। বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চার জনের মৃত্যু হলো। নিহত কুলসুম বেগমের স্বামী জিয়াউর রহমান তারেক ও শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন। গত রবিবার ভোরে পারিবারিক কলহের জেরে শিবপুর উপজেলার কুমরাদী গ্রামের ভাড়াটিয়া কাঠমিস্ত্রি বাদল মিয়া তার স্ত্রী নাজমা বেগমকে কুপিয়ে জখম করে। এ সময় বাদলকে বাধা দিতে গেলে তার এক সন্তানসহ বাড়ির মালিক তাজুল ইসলাম, তার স্ত্রী মনোয়ারা বেগম ও তাদের মেয়ে কুলসুমকে ছুরিকাঘাতে আহত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিত্সক স্ত্রী ও বাড়িওয়ালা দম্পতিকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কুলসুম বেগমকে।
ডোমারে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ডোমার (নীলফামারী) সংবাদদাতা দুই বছর সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি কহিনুর ইসলাম রুবেলকে (৩৭) মঙ্গলবার ঢাকা আশুলিয়া থেকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সে উপজেলার বড় রাউতা গ্রামের সাহার উদ্দিন পাড়ার বছির উদ্দিনের ছেলে। থানা সূত্রে জানা যায়, গত ২০০৯ সালের ডোমার থানার একটি চুরির মামলার পলাতক আসামি ছিল সে। ঐ মামলায় তাকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত দুই বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন। ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঁচবিবিতে ২৩ মাদকসেবী আটক
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা পাঁচবিবিতে র্যাব সদস্যরা মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে ২৩ জন মাদকসেবীকে আটক করেছে। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, উপজেলার বাগজানা উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ, পূর্ব রামচন্দ্রপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসেবন অবস্থায় ও মাদকসেবনের কিছু সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়। থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বকশীগঞ্জে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নুর মোহাম্মদ উচ্চবিদ্যালয় হলরুমে বকশীগঞ্জ পৌরসভা ৮ নম্বর বিটের কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানি দাস ও দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল। পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর এতে সভাপতিত্ব করেন।
মানবাধিকারবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা চাটখিল উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বুধবার মানবাধিকার ও আইন সচেতনতাবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মানবাধিকার ও আইনসহায়তা কর্মসূচির অধীনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম।
ফুলবাড়ীতে কৃষকদের বীজ প্রদান
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার উপজেলার ৭০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে ১২ প্রজাতির শাক ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে আয়োজিত বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ।
কোটালীপাড়ায় মত্স্যচাষিদের প্রশিক্ষণ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় মুজিববর্ষ উপলক্ষ্যে মত্স্যচাষিদের প্রশিক্ষণ শেষে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বুধবার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) আয়োজনে ৩২ জন মত্স্যচাষিকে মত্স্যচাষ বিষয়ে প্রশিক্ষণ শেষে ৭০ হাজার মাছের পোনা বিতরণ করা হয়। বাপার্ড হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন বাপার্ডের মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামান।