জনপ্রিয় বলেই সমালোচনা :সালাহউদ্দিন

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে সভাপতি পদে চতুর্থবারের মতো প্রার্থী হওয়ায় কাজী সালাহউদ্দিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন অনেক সমালোচনা। কিন্তু তিনি মনে করেন জনপ্রিয় বলেই তাকে নিয়ে এই সমালোচনা ।

গতকাল বুধবার বাফুফে ভবনে নির্বাচন সংক্রান্ত বিষয়ে কথা বলেন কাজী সালাহউদ্দিন। গণমাধ্যমকে তিনি বলেন,‘আমাকে নিয়ে যখন সমালোচনা হয় তার মানে আমি পপুলার। তবে আমার নিজের ফেসবুক নাই, আমাকে নিয়ে কী হচ্ছে আমি তা জানি না। এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না।’

অপর এক প্রসঙ্গে বাফুফের বর্তমান সভাপতি জানান তিনি নির্বাচনকে হালকা করে দেখছেন না। কারণ তার কাছে সব প্রতিপক্ষই সমান। তাছাড়া বাফুফের সভাপতি বলে নির্বাচনে কারো বিরুদ্ধে বলাটা উচিত হবে না বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন,‘আমার কাজ হলো ভোট চাওয়া, নির্বাচন করা। আমি যে প্যানেল করেছি, যোগ্যসম্পন্ন লোকদের নিয়েই করেছি। এর চেয়ে ভালো লোক পাব না।’

বাফুফের নির্বাচন আগামী ৩ অক্টোবর। বর্তমান সভাপতি সম্মিলিত পরিষদ নামে প্যানেল করেছেন। আগামী রবিবার এই প্যানেলের আনুষ্ঠানিক পরিচিতি সভা হতে পারে। অপরদিকে বাংলাদেশ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন সমন্বয় পরিষদ নামে আরেকটি প্যানেল দিয়েছে। যদিও তাদের কোনো সভাপতি প্রার্থী নেই।

গতকাল এই প্যানেল সিলেট সফর করেছে। সেখানে সিলেট বিভাগের কয়েক জেলার ভোটার ও ফুটবল সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন তারা। জানা গেছে, সিলেট থেকে আজ চট্টগ্রাম ও আগামীকাল নোয়াখালী অঞ্চলে যাওয়ার কথা রয়েছে।

এদিকে বাদল রায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় কাজী সালাহউদ্দিনের মূল প্রতিদ্বন্দ্বী এখন শফিকুল ইসলাম মানিক। স্বতন্ত্র এ প্রার্থী গতকাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে গণমাধ্যমকে বলেছেন তিনি অনেক ভোটারের সঙ্গে আলাপ করেছেন। তাদের অনেকেই পরিবর্তন চান।