স্পোর্টস ডেস্ক
অনেকটা গোপনেই লা লিগার শেষ প্রস্তুতি ম্যাচটা সেরে ফেলল রিয়াল মাদ্রিদ। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ৬-০ গোলে জিনেদিন জিদানের দল উড়িয়ে দিল গেটাফেকে।
উড়ন্ত জয়ের মূল কৃতিত্ব বেনজেমারই। একাই করেছেন চারটি গোল। এছাড়া একটি গোলেও অবদান রয়েছে এ তারকার। বাকি দুটি গোল করেছেন অধিনায়ক সার্জিও রামোস ও তরুণ সার্জিও আরিবাস। গোলবন্যায় এখন মাদ্রিদ শিবিরে স্বস্তির সুবাতাস।
২০১৮ সালে রোনালদো দল ছাড়ার পর থেকেই দলের হাল ধরেছেন বেনজেমা। সে সময় থেকে রিয়ালের জার্সি গায়ে তিনি লক্ষ্যভেদ করেছেন ৫৭ বার। গত মৌসুমে রিয়ালের লিগ শিরোপা জয়ে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা।
রিয়ালের এ প্রস্তুতি ম্যাচের বিষয়ে বিস্তারিত কিছুই তেমন জানা যায়নি। কারণ সম্পূর্ণ রুদ্ধদ্বারে অনুষ্ঠিত হয়েছে এ লড়াই। দর্শকের উপস্থিতি তো দূরের কথা, কোনো সাংবাদিক কিংবা টিভি ক্যামেরাও ঢুকতে দেওয়া হয়নি। কেবল ম্যাচের ফল পরবর্তীতে জানিয়ে দেয় ক্লাবটি।
যদিও, স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, কোচ জিদান এই প্রস্তুতি ম্যাচে সবরকমের পরীক্ষা-নিরীক্ষাই করেছেন। ম্যাচের দুই অর্ধে ভিন্ন ভিন্ন দুটি একাদশ তিনি মাঠে নামিয়েছেন। সবগুলো গোলই হয়েছে ম্যাচের দ্বিতীয়ার্ধে।
লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আগামী রবিবার চলতি মৌসুমে লিগের প্রথম ম্যাচে ক্লাবটির প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ।