টটেনহ্যামে ফিরছেন বেল!

স্পোর্টস ডেস্ক

দলবদলের বাজারে রেকর্ড গড়েই টটেনহ্যাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে এসেছিলেন গ্যারেথ বেল। তবে, যে আশা নিয়ে তাকে বার্নাব্যুতে আনা হয়েছিল, সেটা পূরণ হয়নি। তিনি মধ্যম মানের তারকা হয়েই রয়ে গেছেন। আর এখন সেই রিয়ালেও আর মন টিকছে না ওয়েলশের এ ফুটবলারের। তিনি আবারও ফিরতে চান পুরোনো ক্লাব টটেনহ্যামে।

এটা ঠিক আর গুঞ্জনের পর্যায়ে নেই। খবরটা নিশ্চিত করেছেন ৩১ বছর বয়সি বেলের এজেন্ট জোনাথন বারনেট। তিনি বিবিসি রেডিও ওয়েলশকে জানিয়েছেন, লন্ডনের ক্লাবটিতে ফিরতে মরিয়া বেল।

 জোনাথন বলেন, ‘গ্যারেথ বেল স্পার্স ক্লাবকে এখনো ভালোবাসে। আমরা আলোচনা করছি এখনো। আর এটাই একমাত্র ক্লাব যেখানে বেল যেতে চায়।’

তবে, রিয়াল ছেড়ে টটেনহ্যামে ফেরাটা বেলের জন্য সহজ হবে না। কারণ, অর্থনৈতিক একটা বিষয় জড়িয়ে আছে এখানে। তিনি যেমন পারিশ্রমিক আশা করেন, সেটা টটেনহ্যামের পক্ষে বহন করা কঠিন।

এক্ষেত্রে টটেনহ্যাম ভিন্ন একটা পন্থা অবলম্বন করতে যাচ্ছে। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ‘টটেনহ্যাম রিয়ালের সঙ্গে আলোচনা করছে। গ্যারেথ বেলকে স্পার্সে ভেড়ানোর জন্য এবং ডেলে আলিকে রিয়াল মাদ্রিদে ধারে পাঠানোর জন্য। এই চুক্তিটি হয়ে গেলে ডেলে আলি এক মৌসুমের জন্য ধারে রিয়াল মাদ্রিদে যাবে যেখানে রিয়ালই তার সম্পূর্ণ বেতন পরিশোধ করবে। আর গ্যারেথ বেল স্পার্সে যোগ দেবে যেখানে রিয়ালকে বেলের ৫০ শতাংশ বেতন বহন করতে হবে।’

জানা গেছে, টটেনহ্যাম ক্লাবের সভাপতি ড্যানিয়েল লেভি এরই মধ্যে কথা বলেছেন রিয়াল মাদ্রিদের সঙ্গে। রিয়াল মাদ্রিদ ক্লাবও এখন আর বেলকে রাখতে চায় না। ফলে, দুই পক্ষের সমঝোতা হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকছে না।