সাবেক এমপিএ মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন আর নেই

বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোফাখ্খার হোসেন খোকনের পিতা সাবেক প্রাদেশিক আইন পরিষদের সদস্য আইনজীবী মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন গতকাল বুধবার সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তাকে বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তিনি ১৯৩৭ সালে পৌর শহরের পাখিমারা সরকার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বায়ান্নর ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ১৯৫৮ সালে গঠিত ইস্ট বেঙ্গল লিবারেশন ফ্রন্টের নেতা ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে ময়মনসিংহ-১ (বর্তমান জামালপুর-১) থেকে প্রাদেশিক পরিষদ সদস্য (এমপিএ) নির্বাচিত হন।