বিশেষ প্রতিনিধি
স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু হয়েছে। একই সঙ্গে প্রতিটি যাত্রীবাহী ট্রেনের এক আসন ফাঁকা রেখে যাত্রী বসার নিয়ম বদলে গেছে। সব আসনে শতভাগ যাত্রী পরিবহন করছে প্রতিটি ট্রেন। পাশাপাশি সিটে বসছে যাত্রীরা। তবে আন্তঃনগর সব ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ আছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকাল থেকেই সারা দেশে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। অনলাইন এবং স্টেশনের কাউন্টারে প্রতিটি ট্রেনের শতভাগ আসনের টিকিট মিলছে।
এ ব্যাপারে কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানিয়েছেন, ‘করোনার কারণে আগে ট্রেনে মোট আসনসংখ্যার অর্ধেক যাত্রী বহন করা হতো। কিন্তু আজ (গতকাল) থেকে সব ট্রেনে শতভাগ যাত্রী নিয়ে চলছে। তবে এক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যাত্রীদের মধ্যে আমরা সচেতনতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি।’ রেল স্টেশন ম্যানেজার আরো বলেন, একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে মোবাইল অ্যাপ ও অনলাইনে ৫০ শতাংশ টিকিট এবং স্টেশনের কাউন্টার থেকে ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। সকাল ৬টা থেকে অনলাইনে এবং সকাল ৮টা থেকে কাউন্টারে টিকিট কাটতে পারবেন যাত্রীরা।