৪০ লাখ টাকা ঘুষ-লেনদেন
ইত্তেফাক রিপোর্ট
৪০ লাখ টাকা ঘুষ-লেনদেনের মামলায় পুলিশের সাময়িক বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমান ও দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। গতকাল বুধবার এই মামলায় আদালতে সাক্ষ্য দেন দুদকের উচ্চমান সহকারী জিল্লুর রহমান ও প্রধান সহকারী এএসএম আবু জাফর বিশ্বাস। পরে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আগামী ৭ অক্টোবর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করে দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম। ইতিমধ্যে এই মামলায় রাষ্ট্রপক্ষে ১৭ সাক্ষীর মধ্যে চার জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেছে আদালত।
গত বছরের ৯ জুন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদন অনুযায়ী, দুর্নীতির অনুসন্ধান থেকে দায়মুক্তি পেতে দুদক পরিচালক বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন ডিআইজি মিজান। ঘুষ লেনদেন সংক্রান্ত কথোপকথন রেকর্ড করে ঐ চ্যানেলকে দিয়েছিলেন মিজান। ডিআইজি মিজানও এ বিষয়ে নিজেই গণমাধ্যমে সাক্ষাত্কার দেন। অবৈধ সম্পদ অর্জনের মামলা থেকে বাঁচতে ঐ অর্থ ঘুষ দেন বলে ডিআইজি মিজান দাবি করেন। পরে ৪০ লাখ টাকা ঘুষ গ্রহণ ও প্রদানের অভিযোগে পুলিশ ও দুদকের সাময়িক বরখাস্তকৃত ঐ দুই কর্মকর্তার বিরুদ্ধে গত ১৬ জুলাই মামলা করা হয়। এরপর তাদের কারাগারে পাঠায় পুলিশ। এখনো তারা কারাগারে রয়েছেন। গতকাল সাক্ষ্যগ্রহণের দিনে তাদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।