পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনলাইনে ঐ সভা অনুষ্ঠিত হয়।
দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি পর্যায়ে শুল্ক প্রত্যাহারে গত সপ্তাহে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে সোমবার এনবিআর বিভিন্ন যুক্তি দিয়ে শুল্ক কমাতে নিজেদের অপারগতার বিষয়টি জানিয়ে দেয় মন্ত্রণালয়কে। এর পরদিন একই ইস্যুতে ফের চিঠি দেয় মন্ত্রণালয়।
অর্থমন্ত্রী বলেন, রাজস্ব বাড়ানোর কারণে যদি দাম বাড়ে সেজন্য অর্থ মন্ত্রণালয় দায়ী। আর বাকি অংশ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়টি দেখাশোনা করছে। আগেও সমস্যা হয়েছিল, পরে তা সমাধান হয়েছে।
এছাড়া বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দিয়ে সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাসকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী।
সাত ক্রয় প্রস্তাব অনুমোদন
এদিকে গতকালের বৈঠকে ২ হাজার ৫৬৯ কোটি টাকা ব্যয়ে সাতটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম সাংবাদিকদের ব্রিফ করেন। সভা শেষে জানানো হয়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট)’ প্রকল্পের আওতায় দুটি লটে মোট ১ লাখ ২ হাজার ৭২০টি এসপিসি পোল সংগ্রহ করা হবে। এছাড়া সভায় বেসরকারি খাতে নারায়ণগঞ্জের জালকুড়িতে ছয় মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুত্ উত্পাদন প্রকল্প, ২০২০-২০২১ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) কাছ থেকে চুক্তিবদ্ধ ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন ইউরিয়া সারের মধ্যে চতুর্থ লটে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি, শিল্প মন্ত্রণালয়ের অধীন ডিএপি ফার্টিলাইজার কোম্পানির (ডিএপিএফসিএল) জন্য ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানি, রাশিয়ান ফেডারেশন থেকে জি-টু-জি পর্যায়ে ২ লাখ মেট্রিক টন গম আমদানি, কুড়িগ্রাম (দাসেরহাট)-নাগেশ্বরী-ভুরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ফুটপাত, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ বিভিন্ন কাজের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।