নির্বাচিত হলে ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে ফিরবেন বাইডেন

ইত্তেফাক ডেস্ক

যুক্তরাষ্ট্রের বহু প্রতীক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ নভেম্বর। এর মধ্যেই নির্বাচনি প্রচারণা শুরু হয়ে গেছে। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে              সব পক্ষই নিজেদের প্রচারণাকে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে দেশের জনগণকে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রার্থীরা।

এদিকে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন বলেছেন, তিনি নির্বাচিত হতে পারলে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফিরিয়ে নিয়ে যাবেন। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের ওয়েবসাইট ভার্শনে এক নিবন্ধে জো বাইডেন এ কথা লিখেছেন। তিনি পরমাণু সমঝোতাকে ‘কঠিনভাবে মেনে চলার চুক্তি’ বলে মন্তব্য করেন। বাইডেন বলেন, ‘আমি ইরানকে কূটনীতির পথে ফিরে আসার প্রস্তাব দেব। যদি ইরান সমঝোতায় ফিরে আসে, তাহলে আমেরিকাও তাতে যুক্ত হবে।’ তিনি আরো বলেন, ‘আমি এমন কিছু পদক্ষেপ নেব, যাতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের করোনাবিরোধী লড়াই বাধাগ্রস্ত না হয়। এরপর আমি ধীরে ধীরে ট্রাম্পের আরোপ করা অসম্মানজনক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেব।’

উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে ট্রাম্প ইরানের সঙ্গে করা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান। ইরানও পালটা পদক্ষেপ হিসেবে পরমাণু সমঝোতার কিছু ধারা বাস্তবায়ন স্থগিত রেখেছে। তখন থেকে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটে।