গতকাল বুধবার দুপুরে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকল্যাণ বিভাগে হামলা চালিয়ে ঐ বিভাগের কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে কুপিয়ে জখম করেছে মুখোশধারী একদল সন্ত্রাসী। তারা সেখানে ব্যাপক ভাঙচুরও চালায়। আহত বাচ্চুকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে সহকর্মীরা। বাচ্চু জানান, মার্কশিট নেওয়ার কথা বলে তাকে মোবাইলফোনে রিং দিয়ে কলেজের সমাজকল্যাণ বিভাগে ডেকে নেয় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। দুপুর ১টার দিকে সেখানে পৌঁছামাত্র আগে থেকে অবস্থানকারী মাস্ক পরিহিত একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতে তার ওপর হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত জখম হন। এরপর হামলাকারীরা সমাজকল্যাণ বিভাগে শিক্ষকদের কক্ষে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করে। তারা সিসি ক্যামেরার মনিটর, টেলিভিশন, টেলিফোন, শিক্ষকদের সব টেবিলের গ্লাস ভাঙচুর করে। পরে তারা সিসি ক্যামেরা নিয়ন্ত্রণকারী কম্পিউটার সিপিইউ নিয়ে চলে যায়।
বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, করোনার কারণে কলেজ বন্ধ থাকলেও মার্কশিট দেওয়ার জন্য সব বিভাগের অফিস খোলা রয়েছে। তিনি হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে কিছুই জানাতে পারেননি। তবে হামলাকারীরা সংখ্যায় ২০/২৫ জন ছিল বলে তিনি জানান। তিনি বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি।