দেড় মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

দেশে দেড় মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সবচেয়ে কম রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জন মারা গেছেন। এর আগে গত ২৮ মে ১৫ জনের মৃত্যু হয়। কোরবানির ঈদের দিন গত ১ আগস্ট দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত দেড় মাসে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা ছিল ২১ জনের বেশি। এর চেয়েও কম মৃত্যুর খবর সর্বশেষ এসেছিল রোজার ঈদের তিন দিন পর ২৮ মে; সেদিন মারা গিয়েছিলেন ১৫ জন। গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৮২৩ জন।

গতকাল বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৬১৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের   সংখ্যা বেড়ে ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ৩৭৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৪টি ল্যাবে ১৩ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৭০ হাজার ১০৬টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ০৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ। বাংলাদেশের মোট জনসংখ্যার ভিত্তিতে প্রতি ১০ লাখে এ পর্যন্ত শনাক্ত ২০১২ দশমিক ০৮ জন। সুস্থ হয়েছেন প্রতি ১০ লাখে এ পর্যন্ত ১৪৫৬ দশমিক ০২ জন এবং প্রতি ১০ লাখে মারা গেছেন এ পর্যন্ত ২৮ দশমিক ৩২ জন।