গলাচিপায় বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন

গলাচিপায় পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের লামনা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, এতে তার প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে।

জানা গেছে, উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের লামনা গ্রামের মোছলেম হাওলাদার দীর্ঘদিন ধরে নিজস্ব ৩০ শতকের পুকুরে মাছের চাষ করে আসছে। প্রতিদিনের মতো তিনি সকালে পুকুরে মাছের খাবার নিয়ে গেলে পুকুরের সব মাছ মরে ভেসে উঠতে দেখেন। দুর্বৃত্তরা রাতের আঁধারে পুকুরে গ্যাস ট্যাবলেট অথবা অন্য কোনো বিষ প্রয়াগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে ফেলে।

মোছলেম হাওলাদার বলেন, ‘আমার পুকুরে কে বা কারা বিষ দিয়ে মাছ মারছে তা আমি জানি না। আমি এখন পথে বসে গেলাম। মাছের পেছনে আমার সব টাকা এবং ঋণের টাকা ব্যয় হয়েছে। আমি এখন কী করব ভেবে জানি না। তাছাড়া আমার একটি প্রতিবন্ধী মেয়ে আছে। আমি এর বিচার ও ক্ষতিপূরণ চাই।’ বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর খান বলেন, বিষয়টি তিনি শুনেছেন।