মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল এলাকায় বুধবার একটি অবৈধ সিএনজি পাম্পকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন এবং স্টেশনটি বন্ধ ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লৌহজং উপজেলার উত্তর মেদিনীমণ্ডল এলাকায় স্বদেশ গ্লোরি এগ্রো প্রোডাক্ট সিবিজি গ্যাস স্টেশন দুটি বড় কাভার্ড ভ্যানের মধ্যে ৩৬ কেজির ১৬০টি করে সিলিন্ডার রেখে পাইপলাইন দিয়ে যানবাহনে গ্যাস বিক্রি করছিল। এই স্টেশন কর্তৃপক্ষ বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও পেট্রোলিয়াম করপোরেশনের কোনো অনুমতি অথবা সরকারি কোনো অনুমতি দেখাতে পারেনি। তাই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইসেন্স ছাড়া সিএনজি স্টেশন স্থাপনের অপরাধে এই দণ্ডাদেশ প্রদান করেন। ঢাকা-মাওয়া মহাসড়কের এনএসআই মুন্সীগঞ্জ জেলা শাখা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এই আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।