টঙ্গী পূর্ব থানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাত ১১টায় কিশোর গ্যাং গ্রুপের অর্ধশতাধিক সদস্যের হামলায় এক যুবকের মৃত্যু ও চার জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার ডিস ব্যবসায়ী মিঠুর দোকানে বসে স্থানীয় চার বন্ধু মিলন (২৮), সালাউদ্দিন প্রিন্স (২৫), টিটু (২৪) ও সালাউদ্দিন সালু (২৭) কথা বলার সময় রূপবানের মার টেক (ভুঁইয়াপাড়া) এলাকার মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের নেতা শামীমের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক কিশোর অর্তকিত হামলা চালিয়ে প্রথমে প্রিন্সকে ধারালো ছোরা দিয়ে আঘাত করে। এসময় মিলন, টিটু ও সালু তাদের বাধা দিলে সন্ত্রাসীরা মিলনের বুকের বাম পাশ, মাথার ডান পাশসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে যখম ও ছুরিকাঘাত করে। এতে মিলন ঢলে পড়লে প্রিন্স, টিটু ও সালু পালাতে গেলে তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে এলাকা ত্যাগ করে। পরে আহত প্রিন্স, সালু ও টিটুর চিত্কারে আশপাশের লোক এগিয়ে এসে রাত সাড়ে ১১টায় মিলন ও প্রিন্সকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আহত মিলনকে মৃত ঘোষণা করেন।
নিহতের আত্মীয়স্বজন জানান, মিলন টঙ্গীর আলেরটেক এলাকার আবদুল মালেকের ছেলে। সে স্থানীয় একটি ওয়াশিং কারখানার শ্রমিক ছিল। প্রত্যক্ষদর্শী কয়েক জন জানান, এলাকার অর্ধশতাধিক কিশোর হাতে দেশীয় অস্ত্রসহ সড়কে চলাচলরত দোকানপাট ও সাধারণ পথচারীদের এলোপাতাড়ি কোপানোর চেষ্টা চালায়। কিশোর গ্যাং সদস্যরা একাধিকবার এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। ঘটনার খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ উপ-পুলিশ কমিশনার ইলতুত্ মিসসহ টঙ্গী পূর্ব থানা পুলিশ র্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।