উত্তাপ বিহীন এই কুয়াশায়, এই সন্ধ্যায় মননের গভীরে নাগরিক পূর্ণিমায় আমাদের দেখা হয়,
আমরা অপরিচিতের মতো ভান করি
পকেট থেকে মোবাইল বের করে কিছুক্ষণ আঁকিবুঁকি ফেসবুক দেয়ালে
মনে হয় কী যেন গভীর কাজ ভুল করে রেখেছিলাম,
এক্ষণই ঠিক না করলেই নয়!
অথবা কোনো সন্ধ্যা যা আজো নামেনি সেই গল্প পুনরায় লিপিবদ্ধ করি আমার
অন্যান্য আলোচনার বাইরে চার দেয়ালের ফাঁকে
বিক্ষিপ্তভাবে
মাটিতে ছড়িয়ে থাকা ধুলোমাখা পাতার মতন
এই না নামা সন্ধ্যার ঠিক পূর্বমুহূর্তে আমাদের চা জুড়িয়ে যায়
আমরা খাই না
অথচ খানিক দূরেই দৃশ্যপট অন্যরকম
আলোকোজ্জ্বল বসার ঘরে পুরনো জন্মদিনের আয়োজন চলে
কোয়ার্টার প্লেটে খাবার খায় অতিথিরা একটু কেক, চানাচুর, অর্ধেক কলা এইসব;
এই নাগরিক দিনগুলিতে পুনরায় লিপিবদ্ধ হয়
আমাদের গল্প।