গেইনারের শীর্ষে উঠেছে রিপাবলিক ইনসিওরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৭টির বা ৩০ দশমিক ২২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রিপাবলিক ইনসিওরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, বুধবার রিপাবলিক ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৫ দশমিক ৫০ টাকায়। গতকাল বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়ায় ৩৯ টাকা। অর্থাত্, গতকাল কোম্পানিটির শেয়ারদর ৩ দশমিক ৫০ টাকা বা ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে রিপাবলিক ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে নিটল ইনসিওরেন্সের ৯ দশমিক ৮০ শতাংশ, মুন্নু সিরামিকের ৯ দশমিক ৪৮ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৮ দশমিক ২২ শতাংশ, পূরবী জেনারেল ইনসিওরেন্সের ৬ দশমিক ৮৪ শতাংশ, সেন্ট্রাল ইনসিওরেন্সের ৫ দশমিক ৮৫ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৫ দশমিক ৮৩ শতাংশ, সায়হাম কটনের ৪ দশমিক ৯০ শতাংশ, প্রভাতী ইনসিওরেন্সের ৪ দশমিক ৮৩ শতাংশ এবং জনতা ইনসিওরেন্সের শেয়ারদর ৪ দশমিক ৮১ শতাংশ বেড়েছে।