কলম্বিয়ার আদিবাসী প্রতিবাদকারীরা স্পেনীয় যোদ্ধা সেবাস্তিয়ান দে বেলালকাজারের মূর্তি দড়ি দিয়ে বেঁধে স্তম্ভ থেকে ফেলে দিয়েছে। দক্ষিণ আমেরিকার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পোপাজান শহরে এ ঘটনাটি ঘটেছে বলে বিবিসি জানিয়েছে।
স্থানীয় মিসাক সম্প্রদায়ের সদস্যরা ঘোড়ার ওপর বসে থাকা দে বেলালকাজারের মূর্তিটি দড়ি দিয়ে বেঁধে টেনে স্তম্ভ থেকে ফেলে দেয়, এ সময় পুলিশ সদস্যরা দাঁড়িয়ে থেকে ঘটনা প্রত্যক্ষ করেন। ১৫৩৭ সালে বেলালকাজার পোপাজান শহরটির পত্তন করেছিলেন। তার মূর্তিটি পাঁচ শতাব্দী ধরে চলা গণহত্যা ও দাসত্বের প্রতিনিধিত্ব করছিল বলে অভিযোগ করেছেন আদিবাসী নেতারা। কিন্তু ঘটনাটিকে বহু সংস্কৃতির শহরটির একটি প্রতীকের বিরুদ্ধে ঘটানো সহিংসতা বলে মন্তব্য করেছেন পোপাজানের মেয়র।
বিবিসি জানিয়েছে, দে বেলালকাজার দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমাঞ্চলে বহু অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি ইকুয়েডরের বর্তমান রাজধানী শহরেরও (কিতো) প্রতিষ্ঠাতা ছিলেন। মিসাক সম্প্রদায় স্পেনীয় এই যোদ্ধাকে তাদের পূর্বপুরুষদের হত্যাকারী ও তাদের জমি দখলকারী হিসেবে বিবেচনা করে।