লিভারপুলে যাচ্ছেন থিয়াগো

বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার থিয়াগো আলকান্তারাকে ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে চার বছরের চুক্তিতে দলে ভেড়ানোর জন্য সম্মত হয়েছে লিভারপুল। চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি, তবে বিবিসি জানাচ্ছে অ্যানফিল্ডে নিজের ৬ নম্বর জার্সিটিই পাবেন তিনি। চলতি দলবদলে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ডেরায় আসবেন থিয়াগো, এর আগে গ্রিক লেফটব্যাক কোস্টাস সিমিকাসকে দলে ভিড়িয়েছিল দলটি। তবে লিভারপুল এই ২০ মিলিয়ন ইউরো বায়ার্নকে দেবে ধাপে ধাপে। স্প্যানিশ মিডফিল্ডারকে হারিয়ে গতকাল বৃহস্পতিবার বায়ার্ন কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘থিয়াগো ব্যক্তিক্রমী এক খেলোয়াড় যে শেষ সাত বছরে আমাদের সাফল্যের সঙ্গী ছিল। আজ যখন সে বিদায় বলল, আমরা বেশ আবেগি হয়ে পড়েছিলাম।’