বৃষ্টিতে জলাবদ্ধ রংপুর নগরীর ২০টি মহল্লা!

গত কয়েক দিনের বৃষ্টিতে রংপুরে ব্যাহত হচ্ছে নগরীর স্বাভাবিক জীবনযাপন। অন্যদিকে নগরীর মুলাটোল কোতোয়ালি থানাসংলগ্ন সড়ক, নিউ জুম্মাপাড়া, আলমনগর, দর্শনা, মডার্ন মোড়সংলগ্ন এলাকা, মাহিগঞ্জ, গনেশপুর, গুড়াতিপাড়া, মুন্সিপাড়া, সাতগাড়া মিস্ত্রিপাড়া, চুরিপট্টি, খামারপাড়া কাউন্সিলরের গলিসহ কমপক্ষে ২০টি মহল্লায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে নগরীর স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে। রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ১০ ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিউ জুম্মাপাড়া মহল্লার অধিবাসী সাহেদ ও মারজান জানান, বৃষ্টি হলেই এ এলাকার রাস্তা হাঁটুপানিতে তলিয়ে যায়। একই অভিযোগ করলেন কোতোয়ালি থানাসংলগ্ন এলাকার মর্জিনা বেগম ও শাহাদত হোসেন। রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, কোতোয়ালি থানা রোডে একটি ব্রিজ রয়েছে। ব্রিজটি নির্মাণকাজ অতিদ্রুত শুরু করবে সংশ্লিষ্ট ঠিকাদার। একই সঙ্গে রাস্তার কাজটিও করা হবে। নগরীর সব সড়ক সংস্কার ও নতুন করে নির্মাণকাজ চলছে। আগামী দুই মাসের মধ্যে আর কোনো জলাবদ্ধতা থাকবে না।