বাউফলে ভুল চিকিত্সায় প্রসূতির মৃত্যু তদন্ত কমিটি গঠন

বাউফলের সেবা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ভুল চিকিত্সায় রিপা রানী নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম পটুয়াখালীর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুর আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। আগামী সাত কর্ম দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইমেইলে এ তদন্ত কমিটি পাঠানো হয়েছে। উল্লেখ্য, উপজেলার সূর্যমণি ইউনিয়নের স্বার্ণেস্বর গ্রামের সুজন দাসের অন্তঃসত্ত্বা স্ত্রী  রিপা রানী গত সোমবার দুপুরে বাউফল হাসপাতালের সামনে সেবা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ভর্তি হন। সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালী সদর হাসপাতালের চিকিত্সক নয়ন সরকার ও তার স্ত্রী পূজা ভাণ্ডারী তার সিজার করেন। ভুল চিকিত্সার কারণে রিপা রানী ভোররাত ৫টার দিকে মারা যান।