বরিশালে শর্ত ভেঙে ভবন নির্মাণের দায়ে জরিমানা

বরিশাল নগরীতে প্ল্যানের (নকশা) শর্ত ভঙ্গ করে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ শুরু করার দায়ে চার ব্যক্তি ও তাদের গংয়ের ৬৪ লাখ ৯৭ হাজার ২৮০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্তদের আগামী সাত কার্যদিবসের মধ্যে জরিমানার সমুদয় টাকা বরিশাল সিটি করপোরেশনের তহবিলে জমাদানের জন্য চিঠি প্রদান করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত চিঠি প্রদান করা হয়েছে। নগরীতে বিধিবহির্ভূতভাবে ১৪ তলার আবসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ শুরুর দায়ে আজিজ রহিম গংয়ের ২৫ লাখ ৪৫ হাজার ৭১২ টাকা, রেজিন উল কবির গংয়ের ১০ তলা আবাসিক ভবন নির্মাণ করায় ১১ লাখ ৮৩ হাজার ৯৫২ টাকা, বিধান মজুমদার গংয়ের ৯তলা আবাসিক ভবন নির্মাণ করায় ৪ লাখ ৮৬ হাজার ৯৯২ টাকা এবং মো. আবদুল হাই গংয়ের ১৫ তলার আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণ করায় ২২ লাখ ৮০ হাজার ৬২৪ টাকা জরিমানা করা হয়েছে।