সংবাদ সংক্ষেপ

দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোন বিতরণ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার করোনাকালীন পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসহায়তা সামগ্রী হিসেবে স্মার্টফোন বিতরণ করা হয়েছে। ভার্চুয়াল পদ্ধতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে এর উদ্বোধনী অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি।

অতিদরিদ্রদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি অতি দ্ররিদ্র উপকারভোগীদের মধ্যে বৃহস্পতিবার সেলাই মেশিন ও ছাগল-ভেড়া বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ ও সূচনা মৌলভীবাজারের আয়োজনে সদর উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এ উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে সেলাই মেশিন ও ছাগল-ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

দলিত জনগোষ্ঠীকে আদমশুমারিতে অন্তর্ভুক্তির দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আগামী আদমশুমারিতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আলাদাভাবে তথ্য সংগ্রহ ও অন্তর্ভুুক্তির দাবিতে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনের জেলা শাখার সভাপতি ব্রহ্মনাথ ঠাকুর এতে সভাপতিত্ব করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কমলাকান্দায় শিক্ষাপ্রতিষ্ঠানে বৃহস্পতিবার ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার ৪১টি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর এমপি কোটায় পাওয়া এসব সামগ্রী বিতরণ করেছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা প্রমুখ।

গবাদি পশুর কৃমিমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) আয়োজনে গবাদি পশুর কৃমিমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার কর্মসূচির আওতায় উপজেলার তারাশী গ্রামের শতাধিক গবাদি পশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। বাপার্ডের পরিচালক কৃষিবিদ মো. মাহমুদুন্নবী কর্মসূচির উদ্বোধন করেন।

পুষ্টি সমন্বয় কমিটির সভা

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা বড়লেখায় পুষ্টি সমন্বয় কমিটির সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্স এ সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) সূচনা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।

শিক্ষার্থীদের বেতন ও মেস ভাড়া মওকুফের দাবি

জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটে শিক্ষা দিবসে শিক্ষার্থীদের বেতন, ফি ও মেস ভাড়া মওকুফের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করেছে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

চিনিকল সড়ক থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলশেষে শহরের পাঁচুরমোড়ে সমাবেশ করে। জয়পুরহাট জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন  জেলা বাসদের আহ্বায়ক অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি উত্পল দেবনাথ প্রমুখ।

মোহনগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা মোহনগঞ্জে কর্মরত সাংবাদিকদের সংগঠন মোহনগঞ্জ প্রেসক্লাবের দুই বছরমেয়াদি কমিটি গঠন করা হয়েছে। দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি এস এম সারোয়ার খোকনকে সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের হাওরাঞ্চল প্রতিনিধি হাফিজুর রহমান চয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী এ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে কলেজ রোডে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এস দোহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

মত্স্য সমিতিকে পিকআপ ভ্যান প্রদান

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা মুজিববর্ষ উপলক্ষ্যে রায়পুরার উত্তরবাখরনগর সিআইজি মত্স্য সমিতিকে অনুদান হিসেবে একটি পিকআপ ভ্যান দিয়েছে উপজেলা মত্স্য অধিদপ্তর। আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার উপজেলা চত্বর থেকে এনএটিপি-২, প্রকল্পের আওতায় সমিতির সাধারণ সম্পাদক মো. আমির হোসেনের হাতে এ পিকআপ ভ্যানের চাবি তুলে দেওয়া হয়।