জলাবদ্ধতা ও ধুলো

বগুড়ার সান্তাহার পৌর শহরের ব্যস্ততম নওগাঁ রোডে বর্ষায় জলাবদ্ধতা এবং খরায় বাতাসে ওড়ে ধুলা-ময়লা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষজনকে। সান্তাহার ও নওগাঁ জেলা শহরের মধ্যে চলাচলের রাস্তা এটি। এ সড়কে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই। বৃষ্টির পানি জমে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। শহরের মধ্যে প্রায় ১ কিলোমিটার রাস্তায় দীর্ঘদিন পানি আটকে থাকে। রোদ ছাড়া এ জলাবদ্ধতা সরে না। এ সময় সড়কে অসহনীয় যানজট সৃষ্টি হয়। পথচারীরা পায়ে হেঁটে চলাচল করতে পারেন না। খরায় পানি শুকিয়ে বাতাসে উড়ে বেড়ায় ধুলা ও আবর্জনা। এ সময় রাস্তায় চলাচলে অসুবিধা হয়। দোকানপাটে ধুলাবালি ঢুকে পড়ে। নওগাঁ সড়কের দুই পাশে শপিংমল, বিভিন্ন শোরুম, দোকানপাট, কলকারখানা, বিনোদনকেন্দ্র, পুলিশ ফাঁড়ি, পৌরভবন, স্কুল ও সরকারি দপ্তরসহ নানা প্রতিষ্ঠান। সড়কে পানি বেধে থাকায় এসব প্রতিষ্ঠানে অচলাবস্থা সৃষ্টি হয়। অথচ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেওয়া হয় না। পরিশেষে এই গুরুত্বপূর্ণ সড়কে দ্রুত ড্রেন নির্মাণের জন্য সংশি­ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সাকলাইন লেনিন, আদমদীঘি, বগুড়া