নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে পাঁচ জন প্রার্থী উত্সবমুখর পরিবেশের মধ্য দিয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসানের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে প্রথমে মনোনয়ন জমা দেন আনোয়ার হোসেন হেলাল।
মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আনোয়ার হোসেন হেলাল শতভাগ জয়ের আশা ব্যক্ত করে বলেন, তিনি নির্বাচিত হলে সদ্য প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলমের অসমাপ্ত কাজগুলো শেষ করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সারা দেশের উন্নয়ন হচ্ছে সেই ধারা অব্যাহত রাখতে সার্বক্ষণিক কাজ করবেন।
দুপুর ১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেখ রেজাউল ইসলাম।
এছাড়া ন্যাশনাল পিপলস পার্টি মনোনিত প্রার্থী খন্দকার ইন্তেখার আলম, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী কাজী গোলাম কবির এবং স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদুল রাণীনগর উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন।
গত ২৮ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২০ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই করা হবে এবং ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে বলে নির্বাচনি তপশিলে উল্লেখ করা হয়। আগামী ১৭ অক্টোবর উক্ত আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তপশিল অনুযায়ী ইভিএমের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।