সমাজে যখন বৈষম্য থাকে, তখন তা নিরসনে আন্দোলন করতে হয়। কিন্তু লিঙ্গভিত্তিক বৈষম্য সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক জীবন পেরিয়ে ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও প্রভাব ফেলে। সমাজ উন্নয়নে বাধা লিঙ্গভিত্তিক বৈষম্য। বেইজিং ঘোষণাপত্র ও সিডও সনদের মধ্য দিয়ে নারীর অধিকার মানবাধিকার হিসেবে স্বীকৃত হয়েছে। নারীর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সামাজিক পুনঃনির্মাণের প্রাথমিক পদক্ষেপ এই কোর্স। সমাজের প্রচলিত বৈষম্য দূর করে গণতান্ত্রিক, সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন’ কোর্সটি পরিচালনা করছে মহিলা পরিষদ। এই কোর্সের উদ্দেশ্য হলো সকলের মাঝে জেন্ডার সমতাপূর্ণ দৃষ্টিভঙ্গি তৈরি করতে সমাজের বিভিন্ন পেশার মানুষকে একই প্ল্যাটফরমে নিয়ে আসা। যাতে কোর্সটির মাধ্যমে লব্ধ জ্ঞান জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকে প্রয়োগ করতে পারেন।
গতকাল বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপপরিষদের উদ্যোগে আয়োজিত ১০ম ব্যাচের অনলাইন সার্টিফিকেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আয়শা খানম, সাধারণ সম্পাদক মালেকা বানু প্রমুখ। উল্লেখ, অনলাইনে কোর্সের প্রতি বৃহস্পতি ও শনিবার বিকাল ৪টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্লাস হবে। কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা ক্লাস নেবেন।