বিমান বাহিনীর জন্য কেনা সি-১৩০জে পরিবহন বিমান ঢাকায় এসেছে

যুক্তরাজ্য থেকে ক্রয় করা পাঁচটি বিমানের মধ্যে তৃতীয় সি-১৩০জে বিমানটি যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিক কর্তৃক সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে অবতরণ করেছে। এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. আহসানুর রহমান। যাত্রা পথে বিমানটি কায়রো (মিশর) ও মাসকাট (ওমান) এ অবতরণ করে। গতকাল আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। তারই ধারাবাহিকতায়, যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক ৫টি সি-১৩০জে পরিবহন বিমান যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের সঙ্গে ক্রয় চুক্তি এবং মার্শাল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের সঙ্গে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বিমান বাহিনীতে সংযোজনের কার্যক্রম চলছে।

বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে ঐতিহ্যগত রীতি মোতাবেক বিমানটিকে অভ্যর্থনা জানানো হয়। এসময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এইচ ই রবার্ট চ্যাটার্টন ডিকশন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সি-১৩০জে পরিবহন বিমান অত্যাধুনিক এভিওনিক্স ও উন্নত প্রযুক্তিসম্পন্ন পরিবহন বিমান; যা মালামাল ও সেনা পরিবহনসহ দেশ-বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহূত হবে।