যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় কয়েকটি রাজ্যে দেড় মাস ধরে শুরু হওয়া দাবানলে ২০ লাখ হেক্টর বনভূমি পুড়ে গেছে। পশ্চিম উপকূলীয় ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটন রাজ্যের দাবানলের কারণে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। দাবানলে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলো ছাড়াও এই ধোঁয়া বেশ কয়েকটি রাজ্যের আকাশকে ঢেকে ফেলছে। ধোঁয়ার কারণে কালো হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পশ্চিমের এসব রাজ্যের আকাশ। বিস্তৃত এলাকা জুড়ে সৃষ্ট দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। ধোঁয়াশার সঙ্গে আসা দূষিত বস্তুকণা মানবদেহের রক্তে মিশে যাওয়ার ফলে স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা বলছেন, দাবানলের ফলে সৃষ্ট ধোঁয়া ভূপৃষ্ঠ থেকে অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে বায়ুদূষণ তেমন প্রভাব ফেলবে না।
স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে, পশ্চিম উপকূলের রাজ্যগুলোতে দাবানলের ফলে সৃষ্ট ধোঁয়া মধ্য আটলান্টিক হয়ে পূর্ব উপকূলের দিকে প্রবাহিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সেবার পক্ষ থেকে বলা হয়েছে, এসব রাজ্যের দাবানল থেকে সৃষ্ট ধোঁয়া প্রায় ২৫ হাজার ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজধানী ওয়াশিংটন ডিসির আকাশও অন্ধকারাচ্ছন্ন। যদিও এখানে প্রায় ১৫ হাজার ফুট থেকে ২৫ হাজার ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধোঁয়া। কালো ধোঁয়া সূর্যকে আড়াল করে রাখায় গতকাল তাপমাত্রাও কিছুটা কম ছিল।
আগস্টের শুরুর দিকে পশ্চিম উপকূলের ঐসব রাজ্যে বেশ কয়েকটি দাবানল সংঘটিত হয়েছে। তীব্র বাতাস এবং কম আর্দ্রতার কারণে দাবানল নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বায়ুদূষণের কারণে বন্ধ হয়ে গেছে অনেক ব্যবসাপ্রতিষ্ঠানও। বিমান চলাচলও ব্যাহত হচ্ছে। ওরেগন, ওয়াশিংটন এবং ক্যালিফোর্নিয়ার বায়ুদূষণ ভয়াবহ আকার ধারণ করতে পারে। আশঙ্কা করা হচ্ছে আগামী কিছু দিনের মধ্যে বায়ুদূষণের র্যাংকিংয়ে এই তিন রাজ্যের বাতাস সবচেয়ে অস্বাস্থ্যকর পর্যায়ে চলে যেতে পারে। ক্যালিফোর্নিয়ার একজন বাসিন্দা তুয়ানা জেমস সংবাদ সংস্থা এপিকে বলেন, শ্বাস-প্রশ্বাসেও কষ্ট হচ্ছে। ওরেগনের অনেক এলাকায় বায়ুদূষণ রাজ্যের বায়ুদূষণের সূচককেও ছাড়িয়ে গেছে। —বিবিসি