নাভালনির হোটেলের পানির বোতলে ছিল ‘নোভিচক’ বিষ

রাশিয়ায় প্রেসিডেন্ট পুতিনের বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে নোভিচক বিষ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে জার্মান চিকিত্সকরা দাবি করেছেন। এতদিন বলা হচ্ছিল, বিমানবন্দর থেকেই তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। কিন্তু তার টিম এখন বলছে, বিমানবন্দর নয়, হোটেলে তার খাওয়া একটি পানির বোতলে বিষের অস্তিত্ব পাওয়া গেছে। খবর দ্য ওয়ালের

নাভালনির টিম জানিয়েছে, সাইবেরিয়ার তোমাস্ক শহরের যে হোটেলে তিনি উঠেছিলেন সেখানেই তার শরীরে বিষ প্রয়োগের চেষ্টা করা হয়। নাভালনির ঘর থেকে একটি ফাঁকা মিনারেল ওয়াটারের বোতল পাওয়া গেছে যার মধ্যে বিষাক্ত রাসায়নিকের খোঁজ মিলেছে। সম্প্রতি নাভালনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, তার দলের লোকজন হোটেলের ঘরে তল্লাশি চালাচ্ছেন। গত আগস্টে সেখান থেকে তিনি চেক আউট করেন। ফেরার পথে মধ্য আকাশে বিমানেই অসুস্থ হয়ে পড়েন নাভালনি। তার মুখপাত্র কিরা ইয়ার্মিক্স জানান,       বিষ খাওয়ানো হয়েছে নাভালনিকে। বিমানবন্দরে এক কাপ চা খেয়েছিলেন। তারপরই অসুস্থ হয়ে পড়েন। বিমানের শৌচাগার থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাকে। নাভালনির টিমের সদস্যরা বলেছেন, আসলে চায়ে নয়, বিষ ছিল পানির বোতলে। নাভালনির ঘর থেকে ‘হোলি স্প্রিং’ নামে একটি ফাঁকা মিনারেল ওয়াটারের বোতল পাওয়া গেছে যার ফরেনসিক পরীক্ষা করিয়ে বিষের প্রমাণ মিলেছে।