বরিশালে প্রশাসনের কঠোর নজরদারির কারণে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা কমেছে। গত বুধবার বরিশালের পাইকারি বাজারে ৮৬ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ প্রকার ভেদে গতকাল বৃহস্পতিবার ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বুধবার ৭৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া ভারতীয় পেঁয়াজের দামও গতকাল কেজিপ্রতি ১০ টাকা কমেছে। গতকাল পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫ থেকে ৬৬ টাকা দরে। তবে খুচরা বাজারে এখনো দেশি পেঁয়াজ ৯০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।
পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে দ্বিতীয় দিনের মতো বরিশাল নগরীর পেঁয়াজপট্টিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন আড়তের পেঁয়াজ ক্রয়-বিক্রয়ের মেমো যাচাই করে ভ্রাম্যমাণ আদালত। তবে বড় ধরনের কোনো ব্যবধান না পাওয়ায় কাউকে জরিমানা করা হয়নি। এ সময় পেঁয়াজের বাজার অস্থিতিশীলতার বিরুদ্ধে আড়তদারদের সতর্ক করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, জনস্বার্থে এই অভিযান চলবে। ক্রয়ের মেমো দেখে আড়তদারদের সতর্ক করা হয়েছে। কেউ মেমোর চেয়ে পেঁয়াজের দাম বেশি বাড়িয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে।