দেশে-বিদেশে কড়া সমালোচনা সত্ত্বেও ব্রেক্সিট চুক্তির শর্ত ভেঙে আইন প্রণয়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে নিজের দলের মধ্যে অসন্তোষ দূর করতে তিনি সেই আইনের খসড়ায় একটি পরিবর্তন মেনে নিতে রাজি হয়েছেন। টোরি দলের দুই সংসদ সদস্যের উদ্যোগে সংশোধনী প্রস্তাব গ্রহণ করে আগামী সপ্তাহে সংসদে ভোটাভুটি হবে। সেক্ষেত্রে বিতর্কিত আইন প্রণয়নের পথে বাধা দূর হবে বলে জনসন আশা করছেন। সংশোধনীর উদ্যোক্তা বব নেইল ও ডেমিয়ান গ্রিন এক যৌথ বিবৃতিতে বলেন, প্রস্তাবিত আইনের মাধ্যমে সরকার শেষ উপায় হিসেবে বাড়তি ক্ষমতা প্রয়োগ করতে পারবে।
এদিকে এক টুইটার বার্তায় যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন হুঁশিয়ারি দিয়েছেন, নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি উত্তর আয়ারল্যান্ডে শান্তি এনে দেওয়া গুড ফ্রাইডে চুক্তিকে ব্রেক্সিটের অপঘাতের শিকার হতে দেবেন না। এই চুক্তিকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্য আলাদাভাবে কোনো বাণিজ্য চুক্তি করতে পারবে না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন অবশ্য জোর দিয়ে বলছেন তিনি গুড ফ্রাইডে চুক্তির জন্য হুমকি হয়ে দাঁড়ানো নয় বরং এটিতে সুরক্ষিতই রাখছেন। -ডয়চেভেলে ও রয়টার্স