১৭ ঘণ্টা পর ডিএনডি খাল থেকে নিখোঁজ কিশোরীর মৃতদেহ উদ্ধার

রাজধানীর ডেমরায় ডিএনডি খালে নিখোঁজের ১৭ ঘণ্টা পর  কিশোরী আকাশীর (১৩) লাশ উদ্ধার করা হয়েছে।  বুধবার দুপুরে খালে চার বান্ধবী মিলে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আকাশী। গতকাল বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক হাফিজুর রহমান এ তথ?্য নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ  মার্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ডেমরার বামৈল এলাকায় ডিএনডি খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আকাশী। সন্ধ্যায় এ খবর চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের উদ্ধার দল মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১০টা পর্যন্ত উদ্ধার কার্যক্রমে মেয়েটিকে পাওয়া যায়নি। সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা আধা ঘণ্টার চেষ্টায় খুঁজে পায় আকাশীর মরদেহ।

মৃত আকাশী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চাঁদগাঁও গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তারা ডেমরার বামৈল এলাকায় ভাড়া থাকত।