রমনা পার্ক খোলার বিষয়ে তথ্য জানতে চেয়েছে হাইকোর্ট

রাজধানীর রমনা পার্ক নগরবাসীর জন্য কেন খুলে দেওয়া হচ্ছে না, তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জেনে আগামী বৃহস্পতিবার তা আদালতকে জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দেওয়া হয়েছে। এসংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী ইউনুছ আলী আকন্দ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

রমনা পার্ক খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন ইউনুছ আলী আকন্দ। রিটে ২৪ ঘণ্টার মধ্যে পার্ক খুলে দেওয়ার জন্য নির্দেশনা চাওয়া হয়। পরে নূর উস সাদিক সাংবাদিকদের বলেন, কেন রমনা পার্ক খুলছে না, খুললে কবে খুলবে এবং এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তা আদালতকে জানাতে বলা হয়েছে।