অবসরে যাচ্ছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি তারিক উল হাকিম। ১৯ সেপ্টেম্বর ছিল তার অবসরে যাওয়ার দিন। কিন্তু ঐ দিন সরকারি ছুটি হওয়ায় গতকাল বৃহস্পতিবার শেষ কর্মদিবসে তাকে বিদায় সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। ভার্চুয়ালি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আপিল বিভাগের সব বিচারপতি ও দুই শতাধিক আইনজীবী এতে যুক্ত হোন।
গত ২ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসানকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি। এর মধ্যে ১৯ সেপ্টেম্বর বিচারপতি তারিক উল হাকিমের ৬৭ বছর পূর্ণ হতে যাওয়ায় তিনি অবসরে যাচ্ছেন। অবসরে যাওয়া উপলক্ষ্যে আয়োজিত বিদায় সংবর্ধনায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বক্তব্য দেন।
১৯৫৩ সালের ২০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বিচারপতি তারিক উল হাকিম। ২০০২ সালের ২৯ জুলাই তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৪ সালের ২৯ জুলাই স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। দীর্ঘ ১৮ বছর সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যাচ্ছেন এই বিচারপতি।