সাভারে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

সাভারের আশুলিয়ায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। তবে ঐ গৃহবধূর নাম জানা না গেলেও এলাকাবাসী সূত্রে তার স্বামীর নাম মো. সবুজ বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঐ দম্পতি পলাশবাড়ী এলাকার কলোনিতে গত ১ বছর যাবত্  ভাড়া থাকতেন। ভোর রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঐ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এ সময় তার গলায় ওড়না প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে তার স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক ফরিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং তার স্বামীকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।