আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। তবে এখনই দেশটিতে যেতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিমানকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। সৌদি সরকারের অনুমতি পাওয়ার পরই বিমানের ফ্লাইট পরিচালনা শুরু হবে। সৌদি আরবের তিন রুটে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ফ্লাইট ঘোষণা দিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কিন্তু ভ্রমণের তিন দিন আগে সেই ফ্লাইট চলাচল নিয়ে অনিশ্চয়তা দেখা দিল।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ জানায়, সৌদি আরব কর্তৃপক্ষ শর্ত সাপেক্ষে সেদেশে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছিল। সে অনুযায়ী বিমান ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। সৌদি সরকারের অনুমতি পাওয়ার পর বিমান ফ্লাইট পরিচালনা করবে। সৌদি গমনেচ্ছু সব যাত্রীর যাত্রার তারিখ, সময় ইত্যাদি যথাসময়ে অবহিত করা হবে।