বেরোবিতে ইংরেজি ও রসায়ন বিভাগে অত্যাধুনিক ল্যাব উদ্বোধন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি এবং রসায়ন বিভাগে দুইটি অত্যাধুনিক ল্যাব উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ইংরেজি বিভাগের ল্যাংগুয়েজ ল্যাব এবং রসায়ন বিভাগের অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ল্যাব ও ফিজিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ল্যাবের উদ্বোধন করেন বেরোবি’র উপাচর্য প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ। 

কবি হেয়াত মামুদ ভবনের ইংরেজি বিভাগে নতুন স্থাপিত অত্যাধুনিক সুবিধা সম্বলিত ল্যাংগুয়েজ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে বেরোবি ভিসি বলেন, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে এই ল্যাব। বেরোবিকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। 

তিনি আরও বলেন, ইংরেজি ভাষাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিশ^বিদ্যালয় পরিবারের সকলেই অত্যাধুনিক ল্যাংগুয়েজ ল্যাবে অংশগ্রহণের সুযোগ পাবেন। 

এসময় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ড. নাজমুল হক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহসীনা আহসান, সহকারী অধ্যাপক মো. আলী রায়হান সরকার, আসিফ আল মতিন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান জোয়ার্দার জাফর সাদিক, ইংরেজি বিভাগের প্রভাষক মো. মুশরিফুর জিলানী, ইমরানা বারী, পিএস টু ভিসি ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মো. আমিনুর রহমানসহ অন্য বিভাগের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) একাডেমিক ভবন-৪ এ রসায়ন বিভাগে অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ল্যাব ও ফিজিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ল্যাবের উদ্বোধন কালে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জন্য শুধু তত্ত্বীয় জ্ঞান নয়, এটির বাস্তবিক প্রয়োগের জন্য ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা খুবই প্রয়োজন। রসায়ন বিভাগের এই দুই ল্যাব প্রতিষ্ঠার ফলে শিক্ষার্থীরা হাতে কলমে শেখার সুযোগ পাবে এবং এর মাধ্যমে তারা আরো উপকৃত হবে। 

অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ল্যাব ও ফিজিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ল্যাব উদ্বোধনের সময় রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান তানিয়া তোফাজ, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, প্রভাষক ড. মোঃ জাকির হোসেন, মোস্তফা কাইয়ুম শারাফাত, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান জোয়ার্দার জাফর সাদিকসহ অন্য বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।    

ইত্তেফাক/এসি