পতিতপাবন মণ্ডল,সিনিয়র শিক্ষক
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ,ঢাকা
৬. নিচের বাক্য কয়টি পড়।
মনির খুব ভালো ছেলে। রবিন তার বন্ধু । মনির ও রবিন একত্রে মাঠে খেলে।
এখানে,
মনির, রবিন - বিশেষ্য পদ
খুব ভালো - বিশেষণ পদ
তার - সর্বনাম পদ
ও - অব্যয় পদ
খেলে - ক্রিয়া পদ
এবার নিচের বাক্য কয়টি থেকে ৫ ধরনের পদ খুঁজে বের করি।
“বাংলাদেশের জনজীবন ভারি বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। এজন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া। উচিত সবার সবাইকে ভালোবাসা।”
উত্তর : আত্মীয়-স্বজন, বাড়ি-বিশেষ্য পদ
ভারি-বিশেষণ পদ
সবাই-সর্বনাম পদ
ও-অব্যয় পদ
দেখা, যাওয়া-ক্রিয়া পদ
৭.কর্ম-অনুশীলন।
ক. বাংলাদেশের যেকোনো উত্সব সমপর্কে একটি অনুচ্ছেদ রচনা করি।
পহেলা বৈশাখ-নববর্ষের উত্সব
উত্তর:পহেলা বৈশাখ হলো নববর্ষের উত্সব যা বাঙালির অন্যতম প্রধান উত্সব। সকল ধর্মের ও বর্ণের লোকেরা এটাকে জাঁকজমকভাবে পালন করে। তাই একে সর্বজনীন উত্সব বলা হয়ে থাকে। পহেলা বৈশাখ বাঙালির জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন বাংলা নববর্ষের প্রথম দিন। রাজধানীর রমনার বটমূলে খুব ভোর থেকে ছায়ানটের শিল্পীরা বর্ষবরণের গান পরিবেশন করেন। সেই সাথে চারপাশে চলে মেলা। হাজার হাজার মানুষ এ মেলায় অংশগ্রহণ করে। নারী, পুরুষ, শিশু থেকে সকল জাতি,ধর্ম ও বর্ণের লোকেরা এ মেলায় আসে। সকলে নববর্ষের বিশেষ পোশাক পরে। ব্যবসায়ীরা হিসাব-নিকাশের নতুন খাতা খোলে। তারা হালখাতার আয়োজন করে। ক্রেতা-গ্রাহক সকলের মাঝে মিষ্টি বিতরণ করে। ঘরে ঘরে পান্তা-ইলিশ খাওয়ার ধুম পড়ে যায়। এদিন দেশের সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে; রেডিও,টেলিভিশন বিশেষ অনুষ্ঠান সমপ্রচার করে। বিভিন্ন অঞ্চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের ক্ষুদ্র জাতিসত্তার মানুষ এ দিনটিকে বিশেষভাবে উদ্যাপন করে থাকে। বিজু,সাংগ্রাইসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে তারা। পহেলা বৈশাখ আমাদের হাজার বছরের ঐতিহ্য। বাঙালির জাতীয় জীবনে এটি একটি উত্সবমুখর দিন। ছোট-বড়,ধনী-দরিদ্র,হিন্দু-মুসলমান,বৌদ্ধ-খ্রিষ্টান সকলেই এ দিনটি উদ্যাপন করে থাকে।