সংবাদপত্র হকার্স সমিতি ও সংবাদপত্র সেবী সমিতির পরিচিতি সভা

বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলের রাজউক এভিনিউয়ে অবস্থিত ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রধান কার্যালয়ে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লি. এবং সংবাদপত্রসেবী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির পরিচিতি সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদপত্র সার্কুলেশনস ম্যানেজারস অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ বুলবুল, সম্পাদক বিল্লাল হোসেন (মন্টু), সংবাদপত্র এজেন্ট সমিতির সভাপতি হারুন অর-রশিদ ও সম্পাদক আবুবকর সিদ্দিক। সভায় উপস্থিত পরিবহন মালিক সমিতির সভাপতি আক্তার হোসেন রিন্টু করোনায় আক্রান্ত হকারদের জন্য অনুদান হিসেবে সংবাদপত্রসেবী সমিতির ফান্ডে ১ লাখ টাকার একটি চেক এবং পরিবহন মালিক সমিতির সম্পাদক মো. আব্দুস সালাম ২৫ হাজার টাকার একটি চেক প্রদান করেন। সভায় বক্তারা করোনাকালে সংবাদপত্র শিল্পে মারাত্মক ধসের কথা তুলে ধরেন এবং হকার্স সম্প্রদায়কে এই পেশায় নিযুক্ত রাখতে সংবাদপত্রের মূল্য বৃদ্ধিসহ ৫০ শতাংশ কমিশন দাবি করেন। সভায় সমিতির সহসভাপতি নূরনবী খান ও সম্পাদক মো. আব্দুল মান্নান উভয় সমিতিকে সার্বিকভাবে সহায়তার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এরপর তারা সেখানে উপস্থিত সব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার পরিসমাপ্তি ঘোষণা করেন। — প্রেস বিজ্ঞপ্তি