বগুড়ার বিয়াম স্কুলের ২ শিক্ষককে চাকরিচ্যুতির সুপারিশ

যৌন হয়রানির অভিযোগ

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলা প্রশাসকের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে যৌন হয়রানির অভিযোগে বিয়াম মডেল স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের এক সভায় দুই শিক্ষককে চাকরিচ্যুতির সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি ও বগুড়ার জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

জেলা প্রশাসনের তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ। তিনিও পর্ষদের সভায়ও উপস্থিত ছিলেন। মাসুম আলী বেগ বলেন, তদন্ত কমিটি বাংলা বিভাগের শিক্ষক আবদুল্লাহ আল মাহমুদ ও ইংরেজি বিভাগের শিক্ষক আবদুল মোত্তালিবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে। ছাত্রীদের সঙ্গে ঐ দুই শিক্ষকের আচরণ শিক্ষাসুলভ ছিল না। তদন্ত কমিটি দুই শিক্ষককে সর্বোচ্চ শাস্তি প্রদানের সুপারিশ করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তদন্ত কমিটির প্রতিবেদন আমলে নিয়ে ঐ দুই শিক্ষককে চূড়ান্ত বরখাস্ত বা চাকরিচ্যুত করার লিখিত সুপারিশ বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।