কুকুর নিধন বন্ধ চান মানেকা গান্ধী ও জয়া আহসান

কুকুর নিধন বন্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে চিঠি লিখেছেন বিশিষ্ট প্রাণী অধিকারকর্মী মানেকা সঞ্জয় গান্ধী। গত বৃহস্পতিবার পাঠানো ঐ চিঠিতে ভারতের এই রাজনীতিবিদ ?কুকুর নিধন বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, ঢাকার অসংখ্য সচেতন নাগরিকের বার্তায় আমরা শঙ্কিত। গত কয়েক সপ্তাহ ধরে অনেক কুকুর মেরে ফেলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাণীর জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নের জন্য মেয়রকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি। বাংলাদেশের প্রাণী কল্যাণ আইন-২০১৯-এর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, আইন অনুযায়ী কুকুর নিধন এবং অপসারণ বেআইনি।

এদিকে কুকুর নিধন কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে প্রাণী কল্যাণ সংগঠন অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার যৌথভাবে এ রিট দায়ের করেন। চলতি সপ্তাহে হাইকোর্টে এ রিটের শুনানি হবে বলে জানা গেছে। রিটে বলা হয়েছে, প্রাণী কল্যাণ আইন-২০১৯-এর ধারা-৭ অনুযায়ী বেওয়ারিশ কুকুরসহ কোনো প্রাণীকে অপসারণ, স্থানান্তরিত ও ফেলে দেওয়া যাবে না। অথচ অভিযোগ রয়েছে ডিএসসিসির মৌখিক আদেশে টিএসসি ও ধানমন্ডি থেকে বেওয়ারিশ কুকুর তুলে নিয়ে মাতুয়াইল ডাম্পিং স্টেশনে ফেলে দেওয়া হয়েছে। এজন্য কুকুর স্থানান্তরের বিষয়ে ডিএসসিসির সিদ্ধান্ত ও কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে এই রিটে।

ঢাকা শহরে আনুমানিক ৬০ হাজারের মতো বেওয়ারিশ কুকুর থাকতে পারে। তবে এর কোনো সঠিক পরিসংখ্যান নেই। এসব কুকুরকে অপসারণ কিংবা নিধনের কার্যক্রম শুরু করেছে প্রশাসন। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে কুকুর মারার ভিডিও এবং ছবি দেখা যাচ্ছে বলে অনেকেই দাবি করছেন।