দেশে করোনা ভাইরাসে এক দিনে পরিসংখ্যানে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তের ১৯৫তম দিনে ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জন মারা গেছে। বৃহস্পতিবারের চেয়ে গতকাল ১৪ জন কম মারা গেছে। বৃহস্পতিবার ৩৬ জন মৃত্যুবরণ করেছে। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছে ৪ হাজার ৮৮১ জন। করোনা শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ।
গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছে ১ হাজার ৯২৩ জন। বৃহস্পতিবারের চেয়ে গতকাল ৭৩ জন কম সুস্থ হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জন। গতকাল শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৯৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৩০ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৫৪১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবারের চেয়ে গতকাল ৫২ জন কম শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ১৩ হাজার ৬৭৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১১ শতাংশ। আগের দিন এ হার ছিল ১১ দশমিক ৬৫ শতাংশ। আগের দিনের চেয়ে গতকাল শনাক্তের হার শূন্য দশমিক ৪৬ শতাংশ বেশি। দেশে এ পর্যন্ত মোট ১৭ লাখ ৯৬ হাজার ৫০৯ জনের নমুনা পরীক্ষায় ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ২৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮১৪ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার ৭৬৯ জনের। বৃহস্পতিবারের চেয়ে গতকাল ৯৯৫টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৯৫টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৭৩০ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ৬৭৩ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৯৪৩টি কম নমুনা পরীক্ষা হয়েছে।