মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের মানসিক সক্ষমতা নিয়ে আবারও প্রশ্ন তুলেছেন। ট্রাম্প বাইডেনের বয়স নিয়েও সমালোচনা করেন। বৃহস্পতিবার উইসকনসিনে এক নির্বাচনি সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। খবর ডেইলি মেইলের
প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনি সমাবেশে বাইডেনের টেলিপ্রম্পটারের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন। যদিও তিনি নিজেই টেলিপ্রম্পটার ব্যবহার করছিলেন। ট্রাম্পের সমাবেশে অনেক লোক উপস্থিত ছিলেন। এয়ারফোর্স ওয়ান থেকে নামার পরই সমর্থকরা প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানান। তাদের অধিকাংশের মুখে মাস্ক এবং সামাজিক দূরত্বও বজায় ছিল না। ব্যাটলগ্রাউন্ড হিসাবে পরিচিত উইসকনসিনে এটা প্রেসিডেন্ট ট্রাম্পের পঞ্চম সফর। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প ৯৫ মিনিটের বক্তব্যে বাইডেনের বয়স এবং মানসিক সক্ষমতা নিয়ে সমালোচনা করেন। বাইডেনের বয়স ৭৭ বছর এবং ট্রাম্পের বয়স ৭৪ বছর। তবে ট্রাম্পের মতে, বাইডেন খুবই দুর্বল এবং সবসময়ই দুর্বল। আবার বয়স তেমন কোনো বিষয় নয় উল্লেখ করে বাইডেনের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প। তিনি বলেন, তার এর চেয়ে বেশি বয়সের বন্ধুও আছে। কিন্তু তারা সামর্থ্যবান।